কক্সবাজার সদরে অভিযান চালিয়ে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এবং একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়াছড়া মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় জনৈক রফিকের নির্মাণাধীন ভবনের সামনে অবস্থান করা কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামাল হোসেন (২৫) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়াপাড়া এলাকার বাসিন্দা। র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও মামলার তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে চট্টগ্রাম সিএমপির কর্ণফুলী থানা, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা এবং কক্সবাজারের রামু থানায় একাধিক মাদক মামলা ও সাজা পরোয়ানা রয়েছে।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন কামাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১৫।
BanglaDock