কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জিয়া উদ্দিন। তাঁর বাড়ি টেকনাফের কাঞ্জরপাড়া এলাকায়।
বিজিবি জানায়, শুক্রবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধীন উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল কুতুবের ঘের এলাকায় অবস্থান নেয়। ভোর ৪টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে দুই ব্যক্তিকে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
এ সময় তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে জিয়া উদ্দিনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি পোটলার ভেতর খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী ২০ কাটে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়া উদ্দিন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।
মাদক সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
BanglaDock