চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, সাতটি ট্রলিং জাল ও ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে ছয়জন জেলেকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে ট্রলিং জাল, বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ উদ্ধার এবং ছয় জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে সামুদ্রিক মৎস্য দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয় এবং সাতটি ট্রলিং জাল ধ্বংস করা হয়। একই সঙ্গে মালিক পক্ষের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং মুচলেকা গ্রহণের পর বোট ও জেলেদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।
জব্দ করা ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ৩ লাখ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। জরিমানার অর্থসহ মোট ৬ লাখ ৭৫ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ ট্রলিং প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
BanglaDock