সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি কাঠের বোট থেকে নারী, শিশু ও পুরুষসহ ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানবপাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর রাতে সেন্ট মার্টিন লাইট হাউজ থেকে প্রায় ৮১ মাইল দূরে সমুদ্রসীমায় নিয়মিত টহলকালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ উদ্ধার অভিযান চালায়। শুক্রবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সমুদ্রে মাছ ধরার কাজে নিয়োজিত ‘এফভি ক্রিস্টাল-১’ নামের একটি জাহাজ একটি কাঠের বোটকে ভাসমান অবস্থায় দেখতে পায়। বোটে থাকা ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হলে তারা নৌবাহিনীকে খবর দেয়। খবর পেয়ে টহলরত ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
এ সময় দেখা যায়, বোটটির ইঞ্জিন ও পানি নিষ্কাশন পাম্প বিকল হয়ে গেছে। ফলে বোটের ভেতরে পানি ঢুকছিল এবং যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। নৌবাহিনীর সদস্যরা দ্রুত বোটে জমে থাকা পানি সেচে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ৭৬ জনকে নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধার করা ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও মানবিক সহায়তা দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬৫ জন মানবপাচারের শিকার। তাদের অধিকাংশকে মানবপাচারকারী চক্রের সদস্যরা অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে তাদের অবৈধ পথে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে বোটে তোলা হয়েছিল বলে জানিয়েছে আইএসপিআর।
অভিযানে মানবপাচারের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের এবং জব্দ করা বোটটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে আইএসপিআর।
BanglaDock