কক্সবাজারে সাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে মরদেহটি ভেসে আসে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে।
এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকায় সাগরে ভ্রমণের সময় নিউজিল্যান্ডের ওই পরিবারের ব্যবহৃত বোটটি ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা আলবার্টের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়।
নৌকাডুবির পর থেকে আলবার্ট নিখোঁজ ছিলেন। পরে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার সন্ধানে সাগরে তল্লাশি চালান।
সংশ্লিষ্টরা জানান, নিউজিল্যান্ডের নাগরিক পরিবারের চার সদস্য নিজেদের তৈরি বোট নিয়ে সাগরপথে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। এর আগে গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার কুতুবজোম উপকূলে তারা ডাকাতির শিকার হয়েছিলেন। এরপর থেকে পরিবারের সদস্যরা কোস্ট গার্ডের হেফাজতে ছিলেন।
এ বিষয়ে কোস্ট গার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, জীবিত উদ্ধার হওয়া পরিবারের তিন সদস্য বর্তমানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে রয়েছেন।
BanglaDock