চট্টগ্রামের দোহাজারীকে ‘দোহাজারী-সাঙ্গু উপজেলা’ ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। দাবি আদায়ে মশাল মিছিল, আমরণ অনশন এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও দোহাজারী-কক্সবাজার রেলপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে ‘বৃহত্তর দোহাজারীর সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় দোহাজারীকে উপজেলা ঘোষণা করা প্রয়োজন। দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও অবহেলার কারণে এলাকার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তারা। প্রস্তাবিত উপজেলা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।
আন্দোলনকারীরা জানান, পর্যায়ক্রমে মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি, কালো পতাকা মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ এবং আমরণ অনশন পালন করা হবে। দাবি পূরণ না হলে চট্টগ্রাম-কক্সবাজার যোগাযোগব্যবস্থা অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
স্থানীয়দের ভাষ্য, ২০১৮ সালে চট্টগ্রাম জেলা প্রশাসকের গণশুনানি ও তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে ‘দোহাজারী-সাঙ্গু’ নামে নতুন থানা গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তবে সেই উদ্যোগের বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা রয়েছে।
আন্দোলনকারীদের দাবি, গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের একটি চিঠিতে দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়নকে বাদ দিয়ে সাতকানিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে বিভাগীয় কমিশনারের সুপারিশ চাওয়া হয়েছে বলে তারা জানান।
দোহাজারী পৌরসভা ও ধোপাছড়িকে বাদ দিয়ে উপজেলা গঠনের উদ্যোগকে বৃহত্তর দোহাজারীর মানুষের প্রত্যাশার পরিপন্থি বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। আগের প্রস্তাব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্মতি বিবেচনায় নিয়ে ‘দোহাজারী-সাঙ্গু উপজেলা’ গঠনে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারা।
BanglaDock