কক্সবাজারে বিজিবির পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৫২ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীন রেজুখাল চেকপোস্টে বৃহস্পতিবার ও এর আগের দিন এসব অভিযান চালানো হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে রেজুখাল চেকপোস্টে বিজিডি-১০৮৩ ‘ডগ জন’ নামের জার্মান শেফার্ডের সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় চালক মো. আয়াজকে (৩০) আটক করা হয়। পরে মোটরসাইকেলের এয়ার ক্লিনারের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি বাটন ফোন ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

অন্যদিকে, ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা ৫০ মিনিটে একই চেকপোস্টে ডগ জনের সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় চালক মো. ফয়সালকে (২২) আটক করা হয়। পরে অটোরিকশার ব্যাটারির ভেতর লুকিয়ে রাখা আরও ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি স্মার্টফোন ও অটোরিকশাটি জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক দুই আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মালামালসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
BanglaDock