কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের মধ্যে ভৌগোলিক পার্থক্য থাকলেও সামাজিকভাবে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী। তিনি বলেছেন, বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি জেলার মানুষের সমস্যা সমাধান ও সম্প্রীতি রক্ষায় কাজ করবেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সাচিং প্রু জেরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার জেলার দায়িত্বও দিয়েছেন। তিনি সাধ্যমতো চেষ্টা করবেন জেলার মানুষের জন্য বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে এবং বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখতে।
পর্যটন প্রসঙ্গে তিনি বলেন, কক্সবাজার, বান্দরবানসহ দেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে এবং দেশ-বিদেশে প্রচারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হবে। কক্সবাজারের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটনসহ বিভিন্ন খাতে উন্নয়নের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মাদক নিয়ন্ত্রণের বিষয়ে মন্ত্রী বলেন, মাদক এখন গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়; সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। এ লক্ষ্যে পাড়া-মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কক্সবাজারের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে পরামর্শ করে জেলার দায়িত্ব পালন করা হবে। মাদক প্রতিরোধ, আইনশৃঙ্খলা, সম্প্রীতি ও উন্নয়নকে সামনে রেখে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। এতে সাংবাদিক, আইনজীবী, প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে।
সভায় বক্তারা কক্সবাজারের পর্যটন ও উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান। পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের মধ্যে সমন্বয় করে বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়নেরও দাবি জানান তারা।
সভায় কক্সবাজারের মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পর্যটন বিকাশ, পরিবেশ সংরক্ষণ, যোগাযোগব্যবস্থা, জনদুর্ভোগ নিরসন এবং সরকারি উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
BanglaDock