শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ২০ অক্টোবর থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। ২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এ সময়ে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নির্দেশনা জারি করে। তবে সাপ্তাহিক ছুটির দিন ১৭ অক্টোবর (শনিবার) ব্যাংক খোলা থাকবে। ওই দিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।
ব্যাংক বন্ধ থাকায় একই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।
BanglaDock