মিয়ানমারের রাখাইন রাজ্যে বিকট বিস্ফোরণ ও বিমান হামলার শব্দে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ সীমান্তের হ্নীলা ও হোয়াইক্যং এলাকার বসতবাড়ি। পরপর কয়েকটি বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তের বাংলাদেশ অংশের বাসিন্দাদের মধ্যে। ঘুম ভেঙে অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, মিয়ানমারের সামরিক জান্তা বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সীমান্তের ওপারে মংডু জেলার নাকপুরা ও বলিবাজার ঘাঁটি এলাকায় হামলা হয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা। তবে হামলার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা মমতাজ মিয়া জানান, রাত দেড়টার দিকে পরপর তিনটি বিকট শব্দ শুনতে পান তাঁরা। শব্দে ঘুমন্ত মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে অলিগলিতে বেরিয়ে আসেন। অনেকে ভয়ে ছোটাছুটিও করেন।
হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা রমজান উদ্দিন পটল বলেন, বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। এ ঘটনায় তিনি আতঙ্কিত। সীমান্ত এলাকার অন্য বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় একটি অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার পর অঞ্চলটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সামরিক অভিযান চালিয়ে আসছে দেশটির জান্তা বাহিনী। এর আগে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন অবস্থান লক্ষ্য করে একাধিক বিমান হামলার ঘটনা ঘটেছে।
BanglaDock