কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির অন্যতম পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে ডুবে গেছে। এতে ঝুঁকি এড়াতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেতুতে চলাচল ও পর্যটন কমপ্লেক্সে টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।
শনিবার দুপুরে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে। ফলে সেতুটির বেশিরভাগ অংশ পানির নিচে তলিয়ে গিয়ে পর্যটকদের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, বর্তমানে হ্রদে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫৪ এমএলএম। পাঁচটি ইউনিট থেকে ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
প্রতি বছর বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেলে রাঙামাটির নয়নাভিরাম ঝুলন্ত সেতুটি তলিয়ে যায়। সেতুটি দেখতে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকেরা এবারও সাময়িক নিষেধাজ্ঞার কারণে হতাশ হয়ে ফিরছেন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানিয়েছেন, হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুলন্ত সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচল বন্ধ থাকবে।
BanglaDock