ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বড় ব্যবধানে হারের পর আলোচনায় বাংলাদেশ দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি নাইট ক্লাবের ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে।
ইন্দোনেশিয়ার এক নারী আলানার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ছবিতে সাদ ও সোহেল রানার সঙ্গে তিন নারীকে দেখা যায়। পরবর্তী একটি ভিডিওতে তাদের গানের তালে নাচতেও দেখা যায়। বড় ব্যবধানে হারের পরপরই ভিডিওটি ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে।
তবে ভিডিওটি ইন্দোনেশিয়ায় ধারণ করা নয় বলে জানিয়েছেন সাদ ও সোহেল। একটি সংবাদমাধ্যমকে তারা জানান, জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে নেপালে ঘুরতে গিয়েছিলেন তারা। সেখানেই আলানার সঙ্গে তাদের পরিচয় হয়। তাদের দাবি, মোহামেডানে সাইন করার পর হাতে থাকা অবসর সময়ে তারা নেপালে গিয়েছিলেন এবং সেখানকার একটি ক্লাবে আলানার সঙ্গে দেখা হয়।

অন্যদিকে আলানা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেছিলেন, বাংলাদেশি ফুটবলারদের সঙ্গে তার দেখা হয়েছিল একটি ক্লাবে এবং বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে অবশ্য সেই পোস্ট মুছে দেন তিনি।
এরপর বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে আলানা সেসব পোস্ট সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। অনুরোধ না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন তিনি।
এবারের আসিয়ান কাপ ছিল বাংলাদেশের জন্য বিশেষ একটি আসর। তবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের পরাজয়ে হতাশাজনকভাবে শেষ হয়েছে বাংলাদেশের অভিযান। এর মধ্যেই সাদ ও সোহেলের ভিডিও ভাইরাল হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে জাতীয় দলের দুই ফুটবলারের মাঠের বাইরের কর্মকাণ্ড।
BanglaDock