কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোহাম্মদ জুবায়েরকে (২৫) একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
এসআরবি-১৫ জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং ক্যাম্প-২ ওয়েস্টের ব্লক-ডি/৯ এলাকায় অভিযান চালানো হয়। রাত ৩টা ২০ মিনিটের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জুবায়েরকে আটক করা হয়।
পরে তার বসতঘর ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অস্ত্র থাকার কথা স্বীকার করলে ঘরের ডাইনিং কক্ষে প্লাস্টিকের টেবিলের নিচ থেকে অস্ত্রটি বের করে দেয় বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি-১৫ আরও জানায়, জুবায়ের কুতুপালং ক্যাম্পের বাসিন্দা এবং কেফায়াত হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি। তার বিরুদ্ধে উখিয়া থানায় আরও একটি অস্ত্র মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।
গ্রেপ্তার জুবায়ের ও উদ্ধার করা অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ক্যাম্প এলাকায় অপরাধ দমন ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।
BanglaDock