পার্বত্য জেলা বান্দরবানে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি উসিংনু মার্মাকে (৩৮) প্রায় ২০ বছর পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
রোববার (২৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৫ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল রোববার দুপুর ১১টা ৫৫ মিনিটে বান্দরবান সদর উপজেলার ওয়াই জংশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার উসিংনু মার্মা বান্দরবান সদর উপজেলার লুলাইন হেডম্যানপাড়ার বাসিন্দা রে অং মার্মার ছেলে।
র্যাব জানায়, ২০০৭ সালে বান্দরবান সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় বিচার শেষে আদালত উসিংনু মার্মাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই মামলায় তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের পর থেকে তিনি দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, সন্ত্রাস, হত্যা ও অন্যান্য অপরাধে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
BanglaDock