`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে বদরখালীতে মানববন্ধন, সড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 8, 2026 ইং
অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে বদরখালীতে মানববন্ধন, সড়ক অবরোধ ছবির ক্যাপশন: অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে বদরখালীতে মানববন্ধন, সড়ক অবরোধ।
ad728

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালীতে কোস্টগার্ডের অভিযানে তিনজনকে অস্ত্রসহ আটকের ঘটনাকে কেন্দ্র করে টানা তৃতীয় দিনের মতো উত্তেজনা বিরাজ করছে। নিরীহ ব্যক্তিদের অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ তুলে বৃহস্পতিবার বদরখালী বাজারের পুরাতন স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দা, স্বজন ও শিক্ষার্থীরা। এ সময় বদরখালী-চকরিয়া সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখা হয়।


বিক্ষোভকারীদের দাবি, গত ৫ অক্টোবর রাতে বদরখালী বাজারসংলগ্ন স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিবন্ধী ও এক কলেজছাত্রকে আটক করে কোস্টগার্ড। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দেওয়া হয়। আটক ব্যক্তিরা নিরপরাধ দাবি করে তাদের মুক্তি, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান বিক্ষোভকারীরা।


স্থানীয়দের ভাষ্য, ৫ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে কোস্টগার্ডের মহেশখালী ও মাতারবাড়ি স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে ভ্যানচালক ও প্রতিবন্ধী রুকন উদ্দিন, প্রতিবন্ধী আক্তার আহমদ এবং বদরখালী ডিগ্রি কলেজের শিক্ষার্থী তানভীরকে আটক করেন। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে স্বজনদের অভিযোগ।


মানববন্ধনে বক্তারা বলেন, নিরপরাধ কাউকে হয়রানি বা অন্যায়ভাবে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা উচিত নয়। আটক তিনজনের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশ এবং তারা নিরপরাধ প্রমাণিত হলে দ্রুত মুক্তির দাবি জানান তারা।


সড়ক অবরোধের খবর পেয়ে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ এবং চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ঘটনাস্থলে যান। পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে পুলিশের আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রায় তিন ঘণ্টার অবরোধে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়।


এদিকে, ৬ অক্টোবর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড দাবি করেছে, সমুদ্রে অবস্থানরত বাণিজ্যিক জাহাজে চুরি-ডাকাতির সঙ্গে জড়িতদের কাছে আগ্নেয়াস্ত্র সরবরাহের উদ্দেশ্যে কয়েকজন সন্ত্রাসী বদর আওলিয়া ঘাটসংলগ্ন এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। রাত ১টার দিকে পরিচালিত অভিযানে চারটি দেশীয় একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড।


কোস্টগার্ডের বিজ্ঞপ্তিতে আটক ব্যক্তিদের নাম আক্তার আহমেদ (৭৮), মো. তানভীর (২১) ও রুকমদ্দিন (৪২) উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।


তবে স্থানীয়দের দাবি, কোস্টগার্ডের বক্তব্যের সঙ্গে বাস্তব ঘটনার মিল নেই এবং নিরীহ ব্যক্তিদের অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ৬ হাজার

রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ৬ হাজার