হোয়াটসঅ্যাপে প্রতিদিন ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে অসংখ্য বার্তা জমে থাকে। বিশেষ করে ব্যস্ততার কারণে কয়েক ঘণ্টা বা দীর্ঘ সময় অ্যাপ ব্যবহার না করলে গ্রুপ চ্যাটে শত শত অপঠিত মেসেজ জমে যেতে পারে। এবার সব মেসেজ আলাদাভাবে না পড়েই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত জানার সুযোগ দিচ্ছে নতুন এআই সুবিধা।
নতুন এই ফিচারের মাধ্যমে মেটা এআই ব্যবহার করে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে জমে থাকা অপঠিত বার্তাগুলোর সংক্ষিপ্তসার তৈরি করা যাবে। ফলে দীর্ঘ কথোপকথনের মূল বিষয়গুলো অল্প সময়েই জেনে নেওয়া সম্ভব হবে।
এআই দিয়ে মেসেজের সারাংশ দেখবেন যেভাবে—
প্রথমে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলে যে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে অপঠিত মেসেজ রয়েছে, সেটি নির্বাচন করতে হবে। এরপর অপঠিত মেসেজের ওপরে থাকা ‘[সংখ্যা] unread messages’ অপশনে ট্যাপ করতে হবে।
এরপর ফিচারটি ব্যবহারের শর্তসংক্রান্ত একটি স্ক্রিন দেখা যাবে। শর্তগুলো পড়ে ‘Continue’ অপশনে ট্যাপ করার পর কয়েক সেকেন্ডের মধ্যে এআই ওই চ্যাটে থাকা অপঠিত মেসেজগুলোর সংক্ষিপ্তসার তৈরি করবে। ব্যবহারকারীরা প্রয়োজনে তৈরি করা সারাংশের বিষয়ে ফিডব্যাকও দিতে পারবেন।
এই সুবিধার সবচেয়ে বড় দিক হলো, দীর্ঘ কথোপকথনের প্রতিটি বার্তা আলাদাভাবে না পড়েও গুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত জানা যাবে। কোন মেসেজের উত্তর আগে দেওয়া প্রয়োজন কিংবা কোন আলোচনাটি গুরুত্বপূর্ণ—সেটিও সহজে বোঝা সম্ভব হবে।
বিশেষ করে অফিস, পড়াশোনা বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকার কারণে দীর্ঘ সময় হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে না পারলে এই ফিচার ব্যবহারকারীদের সময় সাশ্রয় করতে পারে। একই সঙ্গে প্রচারমূলক বা কম গুরুত্বপূর্ণ বার্তাগুলো আলাদা করাও সহজ হতে পারে।
গোপনীয়তার বিষয়ে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এআই দিয়ে চ্যাটের সংক্ষিপ্তসার তৈরিতে প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত কথোপকথনের নিরাপত্তা বজায় রাখার দাবি করেছে প্রতিষ্ঠানটি।
তবে এআই তৈরি করা সারাংশ সব সময় শতভাগ নির্ভুল নাও হতে পারে। তাই গুরুত্বপূর্ণ তথ্য, কাজের নির্দেশনা বা জরুরি কোনো বার্তার ক্ষেত্রে মূল মেসেজ দেখে নেওয়াই সবচেয়ে নিরাপদ।
নতুন এই সুবিধার মাধ্যমে দীর্ঘ হোয়াটসঅ্যাপ চ্যাট দ্রুত বুঝে নেওয়া, গুরুত্বপূর্ণ বার্তা চিহ্নিত করা এবং সময় সাশ্রয় করা আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।
BanglaDock