`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

চট্টগ্রামের আলোচিত অপরাধ মামলার আসামি মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ এ আদেশ দেন।


পুলিশ জানায়, ফটিকছড়ি উপজেলার জামাল উদ্দিন হত্যা মামলা এবং সম্প্রতি অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা আরেকটি মামলায় রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র মামলায় পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।


একই অস্ত্র মামলায় আরও চারজনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তারা হলেন মো. মিঠু ওরফে ধামা ইলিয়াছ, মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন ও আল ইসলাম আলিফ।


পরে হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর আবেদনও আদালত মঞ্জুর করেন।


ডেভিড ইমনকে গত ৩০ জুলাই তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি চট্টগ্রামের জোড়া খুনসহ অন্তত ১৮টি মামলার আসামি। গত ২৮ জুলাই গভীর রাতে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের তথ্যমতে, ফটিকছড়ির বাসিন্দা ডেভিড ইমন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপে যোগ দেওয়ার পর চট্টগ্রামে একাধিক খুন, চাঁদাবাজি, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। সম্প্রতি নগরের চকবাজারে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায়ও তার নাম উঠে আসে।


ওই ঘটনায় প্রতিষ্ঠানের মালিকের কাছে দুই কোটি টাকা এককালীন এবং মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। হামলায় প্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং প্রায় ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ রয়েছে।


আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার অপরাধ চক্র, অস্ত্রের উৎস এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড পতন, সুযোগ থাকবে যতদিন

বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড পতন, সুযোগ থাকবে যতদিন