কক্সবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে সাত মাস বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার পর একই বয়সী আরেক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ শিশুটির নাম মো. রাকিব ইসলাম। সে বান্দরবানের আলীকদম উপজেলার রুবেল ইসলামের ছেলে।
পরিবার জানায়, অসুস্থতার কারণে রাকিবকে কক্সবাজার সদর হাসপাতালের তৃতীয় তলার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে এক অজ্ঞাত নারী শয্যা থেকে তাকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। সিসিটিভি ফুটেজে ওই নারীকে শিশুটিকে কোলে নিয়ে একটি সিএনজি অটোরিকশায় উঠতে দেখা যায়।
ঘটনার পর হাসপাতালেই প্রায় একই বয়সী আরেক শিশুকে পাওয়া যায়। নিখোঁজ রাকিবের পরিবারের ধারণা, শিশুটিকে রেখে ওই নারী রাকিবকে নিয়ে যেতে পারেন। তবে উদ্ধার হওয়া শিশুটির পরিচয় এবং নিখোঁজের ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্ত করছে পুলিশ। প্রয়োজনে শিশুটিকে উন্নত পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
এদিকে ঘটনার দিন রাত ১১টার দিকে রাকিবের বাবার ফোনে অজ্ঞাত ব্যক্তি কল করে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে প্রতারক চক্রের সঙ্গে সম্পৃক্ততার সম্ভাবনা খতিয়ে দেখছে।
সিএনজি চালকের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন নারী কোর্টবাজার ও সোনারপাড়া হয়ে সোনার স্টেশন এলাকায় নেমেছিলেন। সেখানে ভাড়া পরিশোধের জন্য একটি বিকাশের দোকান থেকে টাকা তোলার তথ্যও পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ ও ওই লেনদেনের তথ্য যাচাই করে সন্দেহভাজন নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, শিশুটিকে উদ্ধারে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। নিখোঁজ রাকিবের সন্ধানে পুলিশ, গোয়েন্দা ও সাইবার ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
BanglaDock