কক্সবাজারে ফিফার অর্থায়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল সেন্টার নির্মাণ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হতে চলেছে। দীর্ঘ টানাপোড়েনের পর রামু উপজেলার রশিদনগরের ধলিরছড়া মৌজায় ১৫ দশমিক ২০ একর জমি পাচ্ছে বাফুফে।
সোমবার কক্সবাজারে সরকারের পক্ষে জেলা প্রশাসক ও বাফুফের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বাফুফের গভর্নমেন্ট রিলেশন্স কমিটির চেয়ারম্যান ও সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী বলেন, ভূমি মন্ত্রণালয় জমির মূল্য বাবদ কয়েক কোটি টাকা চেয়েছিল। সেই অর্থ দেওয়ার সামর্থ্য বাফুফের নেই। পরে ফেডারেশনের আবেদনের পর প্রধানমন্ত্রী নামমাত্র মূল্যে জমি লিজ দেওয়ার নির্দেশনা দেন।
তিনি জানান, এক লাখ এক টাকা নামমাত্র মূল্যে জমি লিজ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার চুক্তি সই হবে।
এর আগে কক্সবাজারের রামুতে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য একটি চুক্তি হয়েছিল। কিন্তু জমির বড় অংশ বনভূমির মধ্যে পড়ায় পরিবেশবাদীদের আপত্তি ওঠে। পরে অন্তর্বর্তীকালীন সরকার ওই চুক্তি বাতিল করে। নতুন জায়গা খুঁজতে আরও সময় লেগে যায়।
বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান বলেন, ফুটবলের জন্য এটি সুখবর। জায়গার সমস্যার সমাধান হয়েছে। চুক্তির পর প্রয়োজনীয় কাগজপত্র ফিফায় পাঠানো হবে। অনুদান বরাদ্দ থাকায় দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।
নতুন জমিতে তিনটি ফুটবল মাঠ, জিম, সুইমিংপুল ও দুটি ডরমেটরি নির্মাণের পরিকল্পনা রয়েছে। শুধু মাঠ নয়, ভবিষ্যতের ফুটবলার তৈরির জন্য সেখানে পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
দীর্ঘ অপেক্ষার পর জমি পাওয়ায় এখন বাফুফের বহুল প্রতীক্ষিত টেকনিক্যাল সেন্টারের নির্মাণকাজ শুরু হওয়ার পথও খুলে গেল।
BanglaDock