স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে সরকার কোনো ধরনের কলঙ্ক নিতে চায় না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। চলতি অর্থবছরের মধ্যে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্তে সরকার এখনও অনড় রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, জুনের মধ্যে সব নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে সরকার। প্রয়োজনে নির্বাচনের আরও তারিখ নির্ধারণের সুযোগ খুঁজে দেখার আহ্বানও জানানো হয়েছে।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থবছরের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব না হলে বরাদ্দের অর্থ অব্যবহৃত থেকে পরবর্তী অর্থবছরে চলে যাবে। তবে জুনের মধ্যে সব নির্বাচন সম্পন্ন করা সম্ভব কি না, সে বিষয়ে নির্বাচন কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
নির্বাচনে সরকারের অবস্থান তুলে ধরে মীর শাহে আলম বলেন, সরকার ও প্রশাসন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন উৎসবমুখর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
এদিকে, গ্রাম পুলিশের আইনগত ক্ষমতা, বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে প্রস্তাবনা চাওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আগামী ৭ নভেম্বর সকাল সাড়ে ১১টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরোনো বাণিজ্য মেলার মাঠে গ্রাম পুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সমাবেশে সারা দেশ থেকে প্রায় ৫০ হাজার গ্রাম পুলিশ সদস্য অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, গ্রাম পুলিশ আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান। তাদের দাবি ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে আইনগত ক্ষমতা, বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাবগুলো পর্যালোচনা করবে সরকার।
BanglaDock