দীর্ঘ ১২ বছর পর নতুন জীবনের সূচনা করলেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইনগেট। প্রথম সংসার ভাঙার এক যুগ পর দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৬ জুলাই লন্ডনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একান্ত ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খ্রিস্টান রীতিতে অনুষ্ঠিত বিয়েতে সাদা ডিজাইনার গাউন ও ঐতিহ্যবাহী ভেইলে সেজেছিলেন জেনিফার। একটি ভিডিওতে নিজের বিয়ের পোশাক ও সাজসজ্জা নিয়ে হাসিমুখে কথা বলতেও দেখা যায় তাকে।
এটি জেনিফার উইনগেটের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ভারতীয় অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। এরপর দীর্ঘ সময় ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন এই অভিনেত্রী।
জানা গেছে, জেনিফারের স্বামী উইলিয়াম ইসমাইল সিঙ্গাপুরভিত্তিক একজন ব্যবসায়ী। তিনি বর্তমানে এমএইচসি ডিজিটাল গ্রুপে বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং এর আগে ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংকেও কর্মরত ছিলেন।
দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখার পর ঘনিষ্ঠ পরিসরে বিয়ের আয়োজনের মধ্য দিয়ে নতুন জীবনের যাত্রা শুরু করেছেন জেনিফার ও উইলিয়াম। তাদের এই নতুন অধ্যায়ের জন্য ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন।
BanglaDock