কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরী কোস্ট গার্ড আউটপোস্টের একটি দল নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড জানায়, অভিযান চলাকালে জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে প্রায় ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানো হবে।
BanglaDock