চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের প্রধান ফটকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভাগের ব্যানার লাগানোর জন্য আরিফুল শহীদ আব্দুর রব হলের প্রধান ফটকের ওপরে উঠেছিলেন। এ সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মূল সুইচ বন্ধ করার আগেই তিনি জ্ঞান হারিয়ে ফটকের ভেতরে থাকা একটি দোকানঘরের ছাদে পড়ে যান।
পরে বিদ্যুতের সংযোগ বন্ধ করে তাকে ছাদ থেকে নামিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চবি মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছিল। প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী বলেন, আরিফুলকে প্রথমে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার মৃত্যু সম্ভবত ঘটনাস্থলেই হয়েছিল।
BanglaDock