কক্সবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর নাছিমা আক্তার বকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটির হাইকমান্ড। একই সঙ্গে তাকে জেলা মহিলা দলের সভাপতির পদে পুনর্বহাল করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে নাছিমা আক্তার বকুলের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। পরবর্তীতে দলের প্রতি তার অতীতের ত্যাগ, রাজপথে সক্রিয় ভূমিকা ও আনুগত্য বিবেচনা করে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন থেকে নাছিমা আক্তার বকুল আগের মতো কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করবেন। তার স্বপদে ফেরার খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপি, মহিলা দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। স্থানীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে তাকে মিষ্টি খাইয়ে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পুনর্বহালের পর প্রতিক্রিয়ায় নাছিমা আক্তার বকুল বিএনপির শীর্ষ নেতৃত্ব ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিগত দিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দল তাকে যে মর্যাদা ফিরিয়ে দিয়েছে, সে জন্য তিনি কৃতজ্ঞ। আগামী দিনে কক্সবাজারে মহিলা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এবং দলের যেকোনো ক্রান্তিলগ্নে অতীতের মতো রাজপথে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিগত কক্সবাজার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সিদ্ধান্তসংক্রান্ত জটিলতার জেরে নাছিমা আক্তার বকুলের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
BanglaDock