মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে পাচারে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। এসব বস্তায় মোট ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট ছিল। এ সময় পাচারে ব্যবহৃত কার্গো বোটসহ পাঁচজনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার সকালে এ তথ্য জানান। তিনি বলেন, জব্দ করা সিমেন্ট ও বোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
BanglaDock