গুগল তাদের এআই চ্যাটবট জেমিনাই অ্যাপের ইউজার ইন্টারফেস (UI) হালনাগাদ করেছে। নতুন এই আপডেটের মাধ্যমে ‘থিঙ্কিং লেভেল’ নির্বাচন আরও সহজ করা হয়েছে এবং যুক্ত হয়েছে নতুন নোটিফিকেশন নিয়ন্ত্রণ সুবিধা।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম নাইনটুফাইভগুগলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগে জেমিনাইয়ে অতিরিক্ত বিশ্লেষণধর্মী উত্তর পেতে ব্যবহারকারীদের শুরুতেই একটি ‘থিঙ্কিং লেভেল’ নির্বাচন করতে হতো। নতুন আপডেটের পর অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ‘স্ট্যান্ডার্ড’ মোডে চলবে। প্রয়োজন হলে ব্যবহারকারীরা সরাসরি ‘এক্সটেন্ডেড থিঙ্কিং’ অপশন বেছে নিতে পারবেন। ফলে অতিরিক্ত বিশ্লেষণ প্রয়োজন এমন প্রশ্নের উত্তর আরও দ্রুত পাওয়া সম্ভব হবে।
অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন নোটিফিকেশন কন্ট্রোলও যুক্ত করা হয়েছে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট মেনু থেকে কোন ধরনের নোটিফিকেশন পেতে চান, তা নিজেরাই নির্ধারণ করতে পারবেন।
গুগল কয়েক মাস ধরেই ধাপে ধাপে জেমিনাই অ্যাপের নকশা, ব্যবহার অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত সক্ষমতা উন্নত করছে। সর্বশেষ এই আপডেট সেই ধারাবাহিকতার অংশ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন সুবিধাগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে উন্মুক্ত করা হচ্ছে।
BanglaDock