কক্সবাজারের জাদী পাহাড় এলাকায় মোটরসাইকেল সংক্রান্ত বিরোধ ও বাকবিতণ্ডার জেরে সাইফুল ইসলাম (২৯) হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাদমান সিহাব (৩০)কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
এসআরবি-১৫ জানায়, গত ২০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে পাওনা টাকা পরিশোধের কথা বলে পূর্বপরিচিত কয়েকজন সাইফুলকে জাদী পাহাড় এলাকায় ডেকে নিয়ে যান। পরে দুপুর সাড়ে ২টার দিকে সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সেখানে ফেলে হামলাকারীরা পালিয়ে যান।
পরে সাইফুলের মা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে এসআরবি-১৫। গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর থানার খুরুশকুল স্টিল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সাদমান সিহাবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।
সাদমান সিহাব কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব টেকপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে। এসআরবি-১৫-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মাদক ও অন্যান্য ফৌজদারি মামলার তথ্য পাওয়া গেছে।
পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
BanglaDock