কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ায় সংঘর্ষে সেলুন কর্মী কিশোর সুকান্ত দে হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বেলাল উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদর বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বেলাল উদ্দিন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া (বাগানপাড়া) এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় স্থানীয় একটি সেলুনে কর্মরত কিশোর সুকান্ত দে (১৫)-এর ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর ৪ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় ২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তারা আত্মগোপনে চলে যান।
র্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, বেলাল উদ্দিনের বিরুদ্ধে হত্যা, মারামারি, গুরুতর জখম, বিস্ফোরক, অগ্নিসংযোগ ও যৌতুক আইনের অভিযোগসহ কক্সবাজার সদর থানায় মোট চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
BanglaDock