চীনে চলমান এশিয়ান কাপের চ্যালেঞ্জার্স গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ জুনিয়র নারী হকি দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী হংকং চায়নাকে ৬-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নেয় লাল-সবুজের মেয়েরা।
চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি শহরের মরিন দাওয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক শারিকা রিমনের গোলে এগিয়ে যায় দল। এরপর ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়া ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ২৬ মিনিটে কনা আক্তারের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। ৩১ মিনিটে মোসাম্মত লিমা দলের চতুর্থ গোল করেন। এর দুই মিনিট পর ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন আইরিন রিয়া। ম্যাচের ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মোসাম্মত লিমা।
এ জয়ের মাধ্যমে চ্যালেঞ্জার্স গ্রুপে চার ম্যাচে চার জয় নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ জুনিয়র নারী হকি দল।
BanglaDock