চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মহাসড়কের পাশে গড়ে ওঠা কয়েকটি অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে সাতজনকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট ও খাঁনহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।
অভিযানে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের সার্ভেয়ার শুভাশীষ চাকমা, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিং সহকারী নিলয় সেন, গাছবাড়িয়া কলেজ গেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাম্মেল হক তালুকদারসহ পৌরসভা, পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, মহাসড়ককে দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে একই অভিযানের সময় গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মার্কেটের সামনে ফুটপাত দখল করে তৈরি করা অবৈধ স্থাপনা দুই দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়েও অভিযান চালানো হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
BanglaDock