বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে প্রথমবারের মতো স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। একই সঙ্গে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টার ক্ষেত্রে এ স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে।
বাংলাদেশ ও মিয়ানমার এর আগে কয়েক দফা রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিয়ে উদ্বেগের কারণে বড় পরিসরে প্রত্যাবাসন শুরু করা সম্ভব হয়নি। এর মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির চলমান সংঘাত রাখাইনের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়নের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। দীর্ঘদিন ধরে তারা বৈষম্য, নিপীড়ন ও রাষ্ট্রহীনতার মধ্যে রয়েছে।
বর্তমানে বাংলাদেশে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। মিয়ানমারের সাম্প্রতিক এই স্বীকৃতিকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় সম্ভাব্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হলেও, বাস্তবে প্রত্যাবাসন কবে শুরু হবে এবং নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা কীভাবে দেওয়া হবে—তা এখনো স্পষ্ট নয়।
BanglaDock