কক্সবাজারে সমুদ্র ও উপকূলকেন্দ্রিক উচ্চশিক্ষা ও গবেষণার জন্য ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (UBEST) নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীকে এ বিষয়ে একটি আধা সরকারি পত্র দেন। এতে কক্সবাজারে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরুর প্রস্তাব করা হয়।
প্রস্তাবে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, পর্যটন ও হসপিটালিটি বিষয়ে বিশেষায়িত শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরির কথা বলা হয়েছে।
নতুন করে অবকাঠামো নির্মাণে সময় ও বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় প্রাথমিক পর্যায়ে বিওআরআইয়ের গবেষণাগার, বৈজ্ঞানিক জনবল ও বিদ্যমান সুবিধা কাজে লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব অবকাঠামো ও একাডেমিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক সম্পদ, পরিবেশ ও অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সুযোগ তৈরি হবে।
BanglaDock