`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কউকের ‘স্বপ্নচূড়া’ আবাসন প্রকল্পের উদ্বোধন, ফ্ল্যাট পেল ৩৩৯ পরিবার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
কউকের ‘স্বপ্নচূড়া’ আবাসন প্রকল্পের উদ্বোধন, ফ্ল্যাট পেল ৩৩৯ পরিবার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) প্রথম আবাসন প্রকল্প ‘স্বপ্নচূড়া’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকতসংলগ্ন বাইপাস সড়কের আদর্শগ্রাম পাহাড় এলাকায় নির্মিত ‘আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১’ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে ফ্ল্যাট মালিকদের হাতে ৩৩৯টি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয়।


সমুদ্রসৈকত থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পাহাড়ঘেরা সবুজ পরিবেশে নির্মিত এই প্রকল্পে ১৫ তলা চারটি ভবনে মোট ৩৩৯টি ফ্ল্যাট রয়েছে। প্রকল্পের ৬০ শতাংশের বেশি জায়গা উন্মুক্ত রাখা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারকে ঢেলে সাজাতে সরকার পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। শুধু উঁচু ভবন নির্মাণ নয়, প্রকৃতি সংরক্ষণ করেই আধুনিক পর্যটন অবকাঠামো গড়ে তুলতে হবে। তিনি বলেন, সিঙ্গাপুরের আদলে পরিবেশবান্ধব কটেজ, রিসোর্ট, পার্ক ও বিনোদনকেন্দ্র গড়ে তুলতে পারলে বিদেশি পর্যটক আকর্ষণ করা সম্ভব হবে।


তিনি আরও বলেন, স্বপ্নচূড়া প্রকল্পের মাধ্যমে ৩৩৯টি পরিবার সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বসবাসের সুযোগ পেল। আবাসন সংকট দূর করতে ভবিষ্যতে আরও পরিবেশবান্ধব আবাসন প্রকল্প গ্রহণ করা হবে এবং কক্সবাজারের মাস্টারপ্ল্যানের কাজ দ্রুত শেষ করা হবে।


অনুষ্ঠানে কউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, শামীম আরা, আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রকল্পের বাসিন্দারা জানান, শহরের যানজট ও ঘিঞ্জি পরিবেশের তুলনায় এখানে অনেক ভালো পরিবেশে বসবাসের সুযোগ তৈরি হয়েছে। সমুদ্রসৈকতের কাছাকাছি হওয়ায় এটি বসবাসের পাশাপাশি পর্যটন সম্ভাবনাও বাড়াবে।


কউক সূত্রে জানা গেছে, প্রতি বর্গফুট ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৮৯৫ টাকা, যা বর্তমান বাজারদরের তুলনায় সাশ্রয়ী। প্রকল্পে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, অগ্নিনিরাপত্তা, প্রশস্ত রিসেপশন, পর্যাপ্ত চলাচলের জায়গা এবং জরুরি নির্গমনের ব্যবস্থা রাখা হয়েছে। অধিকাংশ ফ্ল্যাট দক্ষিণ-পূর্বমুখী এবং আবাসন প্রকল্প থেকে সমুদ্রসৈকতে হেঁটে যেতে প্রায় ১০ মিনিট সময় লাগে।


২০১৯ সালের মাঝামাঝি প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়ে ২০২৬ সালের জুনে শেষ হয়। কউক চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসনের চাহিদা পূরণে এ ধরনের আরও প্রকল্প বাস্তবায়ন করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাত ১টার মধ্যে কক্সবাজারে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

রাত ১টার মধ্যে কক্সবাজারে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা