প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; এর কৃতিত্ব দেশের জনগণের। তিনি বলেন, জনগণের অংশগ্রহণের মাধ্যমেই আন্দোলন সফল হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে। তবে সরকার শুরু থেকেই স্পষ্ট করেছে যে এই আন্দোলনের কৃতিত্ব জনগণের। তিনি দাবি করেন, গত ১৭ বছর তার দল মাঠে ছিল এবং জনগণকে একা রেখে যায়নি।
তিনি আরও বলেন, বিশ্বের ইতিহাসে বড় আন্দোলনগুলো ধীরে ধীরে গড়ে ওঠে এবং একসময় জনগণের অংশগ্রহণে সফল হয়। জুলাই-আগস্টের আন্দোলনও একই প্রক্রিয়ায় গড়ে উঠেছিল।
সংস্কারের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের দল শুরু থেকেই সংস্কারের কথা বলেছে এবং সেই প্রস্তাবগুলো পরে ৩১ দফায় রূপ নেয়। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে ব্যাংক, স্বাস্থ্য ও কৃষিখাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে।
স্বাস্থ্যসেবা নিয়ে তিনি বলেন, জেলা পর্যায়ের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০ শয্যা এবং জেনারেল হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে অধিকাংশ জেলায় এই সুবিধা চালু হবে বলে তিনি জানান।
এ ছাড়া আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে উপজেলা পর্যায়েও ১০ শয্যার ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
BanglaDock