নোট অব ডিসেন্টসহ যেভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই সংবিধান সংশোধন কমিটিতে বিভিন্ন পক্ষের বক্তব্য শোনা হচ্ছে। নোট অব ডিসেন্টসহ যেভাবে সনদটি স্বাক্ষরিত হয়েছে, সেটি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, কেউ যদি নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সনদ বাস্তবায়নের দাবি করেন, সেই অবস্থানে তারা নেই। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেসব বিষয়ে সবাই স্বাক্ষর করেছেন। তাই জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলে সংবিধান সংশোধনের অন্যান্য বিষয় বাদ পড়ে যেতে পারে। নির্বাচনি ইশতেহার, বিভিন্ন জনদাবি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রস্তাবও বিবেচনায় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে সংসদে বিল উপস্থাপনের জন্য দেওয়া হবে।
গণভোটের বিষয়ে তিনি বলেন, যে গণভোট হয়েছে সেটি আইনি গণভোট হলেও সংশ্লিষ্ট গণভোটের অধ্যাদেশকে আইনি রূপ দেওয়া সম্ভব হয়নি। সংবিধান সংশোধনের ক্ষেত্রে নতুন করে এমন কিছু অনুচ্ছেদে পরিবর্তন বা সংযোজন এলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে সাংবিধানিক গণভোটের প্রয়োজন হতে পারে।
বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, লংমার্চ করা তাদের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক কর্মসূচি। তবে বক্তৃতা, সভা-সমাবেশ বা লংমার্চ যাই করা হোক, সংবিধান সংশোধনের প্রক্রিয়া জাতীয় সংসদেই হবে।
BanglaDock