সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সীমানার ভেতরে সকল প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। রোববার (২ আগস্ট) সন্ধ্যায় জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ১১ দফা জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইসিএ ঘোষিত এলাকার অভ্যন্তরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযানের প্রবেশ ও চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
এ ছাড়া আগামী ১০ আগস্টের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসকের কাছে হাওরে চলাচলকারী সব নৌযানের মালিক ও পরিচালনাকারীদের নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হাউসবোট, নৌযান বা ট্যুর অপারেটরকে পর্যটন কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, হাউসবোট বা নৌযানে উচ্চস্বরে গান-বাজনা, মাইক ব্যবহার এবং কোনো ধরনের পার্টি আয়োজন করা যাবে না। এ ধরনের কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ রাখার পাশাপাশি সব হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষার স্বার্থে এসব নির্দেশনা জারি করা হয়েছে।
BanglaDock