কক্সবাজারের দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনার সময় পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মো. ফরিদকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার র্যাব-১৫ কক্সবাজার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১৫ কক্সবাজার ও র্যাব-৪ ঢাকার যৌথ অভিযানে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার মিরপুর মডেল থানার মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গত ১ আগস্ট দুপুর ১টা ৪০ মিনিটের দিকে দরিয়ানগরের একটি প্যারাসেইলিং স্পটে প্যারাসেইলিং করার সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় রশি ছিঁড়ে অক্ষর সৌভিক রায় সমুদ্রে পড়ে যান। তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাবের ভাষ্য, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত জোরদার করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপন করে আছেন। এরপর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপন করার বিষয়টি স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
BanglaDock