রাষ্ট্রপতি পদে নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং হুইপবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই রাষ্ট্রপতি নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষকে ভোটগ্রহণের স্থান হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। একই সঙ্গে সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান এবং নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট, যাচাই-বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এ নির্বাচন পরিচালনা করবেন। সভায় জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
BanglaDock