নিজের ৩২তম জন্মদিনে টেস্ট ক্রিকেটে অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে এক ম্যাচে সেঞ্চুরি, ফিফটি ও উইকেটকিপিংয়ে ৯টি ডিসমিসালের কীর্তি গড়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ম্যাচের শেষ দিনে আফগান ব্যাটার ইকরাম আলিখিলের ক্যাচ নেন লিটন। ইবাদত হোসেনের লেগ স্টাম্পের বাইরের বলে বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচটি ধরার মধ্য দিয়ে তার ডিসমিসালের সংখ্যা দাঁড়ায় ৯-এ। আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে পতন হওয়া চারটি উইকেটেই উইকেটের পেছনে থেকে অবদান রাখেন তিনি।
এই টেস্টে প্রথম ইনিংসে ৫৩ এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন লিটন। একই ম্যাচে সেঞ্চুরি, ফিফটি ও ৯টি ডিসমিসালের সমন্বয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন নজির গড়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার।
এর আগে ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসি এক টেস্টে ৬৯ ও ১৮২ রান করার পাশাপাশি উইকেটকিপার হিসেবে ৮টি ডিসমিসাল করেছিলেন। লিটনের কীর্তিতে প্রায় ৬০ বছর আগের সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি।
ম্যাচের আগের দিনই এক টেস্টে উইকেটকিপিংয়ে বাংলাদেশের হয়ে ৭টি ডিসমিসালের জাতীয় রেকর্ড ছাড়িয়ে যান লিটন। এর আগে রেকর্ডটি ছিল খালেদ মাসুদ পাইলটের দখলে।
এবার এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়ার হাতছানিও রয়েছে লিটনের সামনে। এক ম্যাচে সর্বোচ্চ ১১টি ডিসমিসালের যৌথ রেকর্ড রয়েছে ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পন্তের। আর দুটি ডিসমিসাল করতে পারলে তাদের রেকর্ড স্পর্শ করবেন লিটন; তিনটি করতে পারলে এককভাবে গড়বেন নতুন বিশ্বরেকর্ড।
BanglaDock