কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাংলাবাজার স্টেশনের একটি গুদামে নিয়মবহির্ভূতভাবে মজুত রাখা ৫১১ বস্তা সার জব্দের পর নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ব্যবহৃত সাবডিলারের লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুদাম থেকে এসব সার জব্দ করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। জব্দ করা সারের মধ্যে ৩৭৩ বস্তা ডিএপি এবং ১৩৮ বস্তা এমওপি সার রয়েছে। পরে নিলামে বিক্রি করা সারের টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, অভিযুক্ত এহসানের বাড়ি ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল এলাকায়। নিজস্ব সার ডিলারশিপ না থাকা সত্ত্বেও তিনি আবদুল আজিজের সাবডিলারশিপের লাইসেন্স ব্যবহার করে বাংলাবাজারের গুদামে সার মজুত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
ইউএনও তাহমিনা আক্তার বলেন, অভিযানে অবৈধভাবে মজুত করা সার জব্দ করে বাজেয়াপ্ত করা হয়েছে। নিলামে বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া যে সাবডিলারের লাইসেন্স ব্যবহার করে সার মজুত করা হয়েছিল, সেটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযানের সময় কক্সবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল রানা, ব্লক সুপারভাইজার এবং পুলিশের একটি দল উপস্থিত ছিল।
BanglaDock