দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক বিষয় নয়; এর সঙ্গে বৃহত্তর নিরাপত্তা উদ্বেগ ও অনিয়মিত অভিবাসনের বিষয়ও জড়িত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ার ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদলে হাউস অব লর্ডসের সদস্য শওকত আদম ও লর্ড কুরবান হুসেইনও ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে এপিপিজির আগ্রহের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক সংহতি ও সংস্কার উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টি তুলে ধরেন তিনি।
যুক্তরাজ্যের পার্লামেন্ট, বাংলাদেশ ও ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধ হিসেবে এপিপিজির ভূমিকার কথাও উল্লেখ করেন হুমায়ুন কবির। বাংলাদেশের অগ্রগতি ও বাস্তব পরিস্থিতি যুক্তরাজ্যের পার্লামেন্টে তুলে ধরতে আরও বেশি সম্পৃক্ততা তৈরিতে এপিপিজির সহযোগিতা চান তিনি।
প্রতিনিধিদলটি বুধবার রোহিঙ্গা শিবির পরিদর্শন করবে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের দুর্দশা মোকাবিলায় নিজেদের সমর্থনের কথা জানান প্রতিনিধিদলের সদস্যরা। মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং রোহিঙ্গাদের নিজভূমিতে টেকসই প্রত্যাবাসনের জন্য যুক্তরাজ্যের পার্লামেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সোচ্চার থাকার আশ্বাসও দেন তারা।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা ও বিনিময় জোরদার, গণতান্ত্রিক সংহতি, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষ জনশক্তি কাজে লাগানো এবং মানবাধিকারের মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করে উভয়পক্ষ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় চ্যানেলের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।
BanglaDock