রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে এর আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য ওই সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
এদিকে, থাইল্যান্ডে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দুপুরে দেশে ফেরেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তাঁর আগে থেকে কোনো তথ্য জানা ছিল না।
স্পিকার বলেন, “রাষ্ট্রপতি কী করবেন বা করবেন না, সেটি আমি জানি না। আমি দেশের বাইরে ছিলাম। এখন দেশে ফিরে বিষয়টি জানতে পারব।”
রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। ততদিন পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।
BanglaDock