কানাডার মর্যাদাপূর্ণ ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে তিনটি বিভাগে পুরস্কার জিতে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্য অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘রইদ’। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত বিভাগে পুরস্কার পেয়েছে।
‘রইদ’ সিনেমায় ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন চিত্রনায়িকা নাজিফা তুষি। এছাড়া সিনেমাটির জন্য সেরা সিনেমাটোগ্রাফির স্বীকৃতি পেয়েছেন জোয়াহের মুসাভভির জ্যোতি এবং সেরা সংগীতের পুরস্কার জিতেছেন রাশিদ শরীফ শোয়েব।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় নাজিফা তুষি বলেন, ‘রইদ শুধু একটি সিনেমা নয়, এর সঙ্গে অনেক মানুষের শ্রম, ভালোবাসা ও স্বপ্ন জড়িয়ে আছে। আন্তর্জাতিক উৎসবে এই স্বীকৃতি পাওয়া বিশেষ অনুভূতি। এই অর্জন আমি পুরো টিম ও বাংলাদেশের দর্শকদের উৎসর্গ করতে চাই।’
চিত্রগ্রাহক জোয়াহের মুসাভভির জ্যোতি বলেন, পুরস্কার শুধু স্বীকৃতি নয়, এটি আরও ভালো কাজ করার দায়িত্বও তৈরি করে। এই অর্জন অন্যদের অনুপ্রাণিত করতে পারলে সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি।
এর আগে ‘রইদ’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় স্থান পেয়েছিল। এছাড়া আসন্ন অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে।
গ্রামীণ পটভূমিতে নির্মিত ‘রইদ’ সিনেমায় রহস্য ও মানবজীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বঙ্গ ও ফেসকার্ড। এতে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।
BanglaDock