`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মাতামুহুরী নদীতে টেকসই বাঁধ নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
মাতামুহুরী নদীতে টেকসই বাঁধ নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চকরিয়া ও মাতামুহুরী উপজেলার উপকূলীয় অঞ্চলের মানুষকে বন্যার ঝুঁকি থেকে সুরক্ষা দিতে মাতামুহুরী নদীতে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। একই সঙ্গে মাছ চাষের নামে ইজারা নেওয়া সব স্লুইসগেটের ইজারা বাতিল করে সেগুলো জনগণের জন্য উন্মুক্ত করা হবে, যাতে বর্ষা মৌসুমে সহজেই গেট খুলে পানি নিষ্কাশন করা যায়।


শনিবার (১৮ জুলাই) বিকেলে চকরিয়া উপজেলার উপকূলীয় বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর নির্বাচনী এলাকার কোনো মানুষ যেন ভবিষ্যতে বন্যা দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হবে। বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।


ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চকরিয়া উপজেলা (মাতামুহুরী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী, চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমান, মাতামুহুরী থানার ওসি জমির উদ্দিন ভূঁইয়াসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ঢেমুশিয়া ইউনিয়নের জমিদার বাড়িতে গিয়ে মাতামুহুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রয়াত মেজবাহ উদ্দিন চৌধুরী (বেলাল মিয়া)-এর কবর জিয়ারত করেন। পরে দুই দিনের নির্বাচনী সফর শেষে শনিবার রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শনিবার জুলাই শহীদদের স্মরণে সভা, থাকবেন প্রধানমন্ত্রী

শনিবার জুলাই শহীদদের স্মরণে সভা, থাকবেন প্রধানমন্ত্রী