প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম চট্টগ্রাম সফর। সফরকালে তিনি কক্সবাজারের মাতারবাড়ী এবং চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, সকালে তিনি হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী যাবেন। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
এরপর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমসংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
দুপুরে প্রধানমন্ত্রী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করবেন। সেখান থেকে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।
বিকেলে তিনি হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় স্বল্প সময়ের বিরতি নেবেন। পরে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরের শেষ দিকে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনের কর্মসূচি শেষে তিনি রাতে ঢাকায় ফিরে আসবেন।
BanglaDock