নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকালে দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান শুরু করে।
দুদকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক ও মুখপাত্র তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে বাড়িতে থাকা বিভিন্ন মালামালের তালিকা প্রস্তুত ও জব্দ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এর আগে, গত ৭ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালতের অনুমতিক্রমে জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ১৬ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
জিয়াউল আহসান সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা সরকারের সময় প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত এই কর্মকর্তাকে সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের ৬ আগস্ট চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
BanglaDock