ভারত থেকে কেনা ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচের প্রথম চালানে ১৮টি কোচ বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটে চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মামুনুর রশিদ জানান, ২০২৪ সালে দুই দেশের মধ্যে হওয়া চুক্তির আওতায় ভারত থেকে এসব কোচ আমদানি করা হচ্ছে। প্রথম চালানে ১৮টি কোচ এসেছে। বাকি ১৮২টি কোচ পর্যায়ক্রমে দেশে পৌঁছানোর কথা রয়েছে।
গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা থেকে কোচগুলোর যাত্রা শুরু হয়। পরে কলকাতার রানাঘাট স্টেশনে অবস্থানের পর শুক্রবার সেখান থেকে রওনা হয়। ভারতের গেদে চেকপোস্টে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কোচগুলো। পরে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা সেগুলো বুঝে নেন।
লাল-সবুজ রঙে সাজানো নতুন কোচগুলোর মধ্যে রয়েছে তিনটি এসি চেয়ার কোচ, এসি বার্থ, একটি লাগেজ ভ্যান এবং ১১টি শোভন চেয়ার কোচ।
ভারতের রেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের প্রধান নির্বাহী শুভজিত ঘোষসহ তিন সদস্যের প্রতিনিধি দল প্রথম চালানের কোচগুলো বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় বিভাগের ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম, ডিভিশনাল ট্রাফিক অফিসার (বাণিজ্যিক) হাছিনা বেগমসহ ছয় সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম জানান, কাস্টমসের কার্যক্রম শেষ হলে ১৮টি কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হবে। বাকি কোচগুলোও পর্যায়ক্রমে দেশে আসবে।
উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে ব্রডগেজ যাত্রীবাহী কোচ কেনার জন্য ভারতের রাইটস লিমিটেডের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, কয়েক ধাপে মোট ২০০টি কোচ সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
BanglaDock