`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সব প্রস্তুতি থাকলেও কাল সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী তিন জাহাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
সব প্রস্তুতি থাকলেও কাল সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী তিন জাহাজ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সব প্রস্তুতি সম্পন্ন হলেও চলাচলের অনুমতি সংক্রান্ত জটিলতায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী তিনটি জাহাজ। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে সব দাপ্তরিক অনুমোদন পাওয়ার কথা জানিয়ে বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচলের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী পর্যটকদের কাছে টিকিট বিক্রিও শুরু করে জাহাজ কর্তৃপক্ষ। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাঁচ শতাধিক টিকিট বিক্রি হলেও শেষ পর্যন্ত যাত্রা শুরু করা সম্ভব হচ্ছে না।


সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতি পেতে বুধবার সারাদিন চেষ্টা করা হয়েছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সেই সম্মতি পাওয়া যায়নি। ফলে বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে তিনটি জাহাজের সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। ইতিমধ্যে টিকিট কেনা যাত্রীরা যেদিন থেকে জাহাজ চলাচল শুরু হবে, সেদিন ভ্রমণ করতে পারবেন। বৃহস্পতিবার সম্মতি পাওয়া গেলে শুক্রবার থেকে জাহাজ চলাচল শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।


এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, সেন্টমার্টিনে জাহাজ চলাচলের বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে সমন্বয় সভা করা হবে। এরপরই জাহাজ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


ইতিমধ্যে নৌপরিবহন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পেয়েছে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। তিনটি জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ায় ৮৫০, এমভি কর্ণফুলীতে ৭৩২ এবং এমভি টেকনাফে ৭১৬ জন যাত্রী বহন করা যাবে।


নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায় কক্সবাজার থেকে ছেড়ে বিকেল আড়াইটায় সেন্টমার্টিন থেকে ফিরবে। এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা করে ফিরবে দুপুর ২টা ১৫ মিনিটে। আর এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে বিকেল সাড়ে ৩টায় ফিরে আসার কথা রয়েছে।


সরকারের সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সাড়ে চার মাস পর্যটকেরা সেন্টমার্টিনে যাতায়াতের পাশাপাশি রাত্রিযাপন করতে পারবেন। দ্বীপে যেতে প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। এ ছাড়া আগের মতোই ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক রাখা হয়েছে। প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপে যাওয়ার অনুমতি পাবেন।


পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে দ্বীপে বেশ কিছু বিধিনিষেধও বহাল রয়েছে। রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি আয়োজন নিষিদ্ধ। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও করা যাবে না। পাশাপাশি সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি করা নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেল ও সি-বাইকের মতো যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩