কক্সবাজারের সাংবাদিক ইমাম খাইর ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার পর অজ্ঞাতনামা মোবাইল নম্বর থেকে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই রাতে ০১৮৪০৩৩৩৩৭৭ নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি নিজেকে সাবেক র্যাব-১৫ অধিনায়ক খাইরুল ইসলামের আত্মীয় পরিচয় দিয়ে তাকে হুমকি দেন। ২৯ জুলাই করা জিডিতে ইমাম খাইর নিজের নিরাপত্তাহীনতার বিষয়টি উল্লেখ করেছেন। জিডির নম্বর ১৯৬৮/২৬।
ইমাম খাইর কক্সবাজার প্রেসক্লাবের সদস্য এবং দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত। তিনি পরিবেশ ও মানবাধিকারবিষয়ক বিভিন্ন সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত।
তিনি দাবি করেন, ২০২১ সালে র্যাব-১৫ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনকালে খাইরুল ইসলামের কথিত আইনবহির্ভূত কর্মকাণ্ডের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তাকে এই হুমকি দেওয়া হয়েছে।
ঘটনার পর কক্সবাজারের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও নেতারা এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। কক্সবাজার প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক সংসদ কক্সবাজারের নেতারা হুমকিদাতাকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সাংবাদিক নেতারা বলেন, একজন সাংবাদিকের মতপ্রকাশের কারণে তাকে হুমকি দেওয়া উদ্বেগজনক এবং গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
BanglaDock