ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া বাঙ্গারকে অস্ট্রেলিয়ার কমিউনিটি ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটির এ সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মারিয়ান ক্যাপ এ সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করেছেন।
অনয়া বাঙ্গার ভারতের সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান। চলতি বছরের শুরুতে থাইল্যান্ডে লিঙ্গ পরিবর্তনসংক্রান্ত অস্ত্রোপচার করানোর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার পর অস্ট্রেলিয়ায় একটি ক্লাবের হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অনয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান মারিয়ান ক্যাপ। একটি সংবাদ প্রতিবেদনের ছবি প্রকাশ করে তিনি এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন এবং নারী ক্রিকেটে এমন অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত নয় বলে মত দেন।
বিতর্কের মূল কারণ হলো, অনয়া শুধু কমিউনিটি ক্রিকেটেই খেলার সুযোগ পাচ্ছেন না; নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে ভবিষ্যতে অস্ট্রেলিয়ার উচ্চ পর্যায়ের নারী ক্রিকেটেও খেলার সুযোগ তৈরি হতে পারে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতিমালা অনুযায়ী, ২০২৭ সালের মার্চ পর্যন্ত অনয়া দেশটির যেকোনো রাজ্য বা অঞ্চলের প্রিমিয়ার ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। কারণ, প্রিমিয়ার ক্রিকেটকে সংস্থাটি উচ্চ পর্যায়ের ক্রিকেট নয়, কমিউনিটি ক্রিকেট হিসেবে বিবেচনা করে। ফলে এ পর্যায়ে অংশগ্রহণের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের ক্রিকেটের যোগ্যতার নিয়ম প্রযোজ্য হবে না।
তবে ২০২৭ সালের মার্চের পর উচ্চ পর্যায়ের ক্রিকেটে অংশ নিতে হলে অনয়াকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর তাঁর রক্ত পরীক্ষা করা হবে এবং পরীক্ষায় সিরাম টেস্টোস্টেরনের মাত্রা নির্ধারিত সীমার নিচে থাকতে হবে। পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রযোজ্য অন্যান্য যোগ্যতার শর্তও পূরণ করতে হবে তাঁকে।
BanglaDock